<p><br></p>
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশ উপজেলার শালডাঙ্গা গোপীনগর এলাকায় এই অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন নওগাঁর সাপাহার থানার মানিকুরা সরদারপাড়া গ্রামের ননীগোপাল দেবনাথের ছেলে পঙ্কজ দেবনাথ (২১) এবং পত্নীতলা থানার কুটুইলহাট নয়াপাড়া গ্রামের অখিল দেবনাথের ছেলে সাগর দেবনাথ (২১)।
পুলিশ জানায়, আটকের পর তাদের হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।