<p><br></p>
বর্তমান সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে জেলা বিএনপির গ্রাম ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারকে দুটি ভিন্ন অপশক্তিকে মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। দেশে বর্তমানে গ্যাস ও জ্বালানি সংকট রয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার বিকল্প উপায়ে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অতীতে গ্যাসের নতুন কূপ খনন বা অনুসন্ধান করা হয়নি দাবি করে তিনি বলেন, সংকট নিরসনের পরই কেবল গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে।
পোশাক শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের পূর্ণ সংহতি রয়েছে এবং তা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহিংসতা ও অপতৎপরতার সুযোগ তৈরি হওয়ার পেছনে জামায়াতের আমিরের বক্তব্য অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ১১ দলের লংমার্চে জামায়াতের আমির দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়ার হুংকার দিয়েছিলেন। তাঁর ওই বক্তব্যের পরপরই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাণ্ডব শুরু করে। দেশের অর্থনীতিকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে পোশাক শিল্পে আগুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জানাজা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ নেতা হামিদুল ইসলাম ও তবিবুর রহমান মুফতিসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।