<p><br></p>
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পৌঁছাচ্ছেন এডিনবার্গের ডাচেস সোফি হেলেন। আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলা এই সফরে মূলত নারীর ক্ষমতায়ন, দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়গুলো প্রাধান্য পাবে।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচেসের এই সফরের বিভিন্ন বিস্তারিত সূচি তুলে ধরা হয়:
উচ্চপর্যায়ের বৈঠক: ঢাকায় অবস্থানকালে ডাচেস নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা এবং উন্নয়নসংক্রান্ত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন।
বিআইপিএসওটি (BIPSOT) পরিদর্শন: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের ভূমিকা মূল্যায়ন করতে তিনি 'বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং' পরিদর্শন করবেন।
বিকেএসপি (BKSP) সফর: ক্রীড়া কীভাবে নারী ও কন্যাশিশুদের নতুন সুযোগ তৈরি করে দেয় তা দেখতে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে নারী হকি খেলোয়ার ও তরুণ অ্যাথলেটদের সঙ্গে সময় কাটাবেন।
ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি: বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ডাচেস। সেখানে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী নেতৃত্ব বিকাশে তরুণদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।
কক্সবাজার ও রোহিঙ্গা শিবির সফর: সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর পুনর্বাসন, সুরক্ষা ও টেকসই সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (FCDO) অনুরোধে আয়োজিত এই সফরে ডাচেস বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ জনগোষ্ঠীর মানুষের সাথেও ভাববিনিময় করবেন। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।