<p><br></p>
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের বিশেষ সভায় শিক্ষক সমাজের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে একটি যুগান্তকারী সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ১ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুনির্দিষ্ট সুপারিশ করা হয়।
রবিবার (০৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিশেষ সভায় আলোচনা শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেন এই নির্বাহী আদেশ জরুরি?
১ম থেকে ১২তম নিবন্ধনধারীরা দীর্ঘদিন ধরে চরম বঞ্চনার শিকার। অতীতে বিভিন্ন সময়ে ভুয়া নিয়োগ, জাল সনদ এবং নানামুখী দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, অথচ মেধার ভিত্তিতে সনদ অর্জন করেও তারা বছরের পর বছর বেকার বসে আছেন। মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন এবং অতীতের এই অনিয়ম ও অবিচার দূর করতে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের অবিলম্বে নির্বাহী আদেশে নিয়োগ দেওয়া সময়ের দাবি ও তাদের ন্যায্য অধিকার।
বৈঠকে শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, এমপিসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্য এবং মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের এই ক্ষোভ ও বৈষম্য দূর করে সরকার দ্রুত নির্বাহী আদেশের মাধ্যমে ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করবে—শিক্ষক সমাজের আজ একটাই প্রত্যাশা।