<p><br></p>
চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেস ক্লাবের তৃতীয় তলা মিলনায়তনে আয়োজিত এই ক্যাম্পে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষাসহ সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এর মাধ্যমে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
যেসব সেবা প্রদান করা হয়:
দিনব্যাপী এই ক্যাম্পে ৩টি স্বনামধন্য চিকিৎসাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম সেবা প্রদান করে। প্রতিষ্ঠানগুলো হলো—
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল
চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতাল
ক্যাম্পে অংশগ্রহণকারীদের ফ্রি ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। বিশেষ করে চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিতরণ করা হয়।