<p><br></p>
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের দমনে একযোগে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে এই অভিযান চালায়। এতে মোট ২৯৯ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় কিশোরদের উৎপাত, মাদক কারবার এবং ছিনতাই রোধে এ অভিযান চালানো হয়। স্বয়ং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে থেকে এই অভিযানে নেতৃত্ব দেন।
আটকদের বিষয়ে যাচাই-বাছাই শেষে জানা যায়, অপরাধে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় ১৫৯ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে, তুলনামূলক কম গুরুতর অপরাধে জড়িত থাকায় বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সী যুবকরা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে অন্ধকার পথে না যায়, তা নিশ্চিত করতেই এই নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রাখা হয়েছে।