<p><br></p>
শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে নতুন নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। একইসঙ্গে তরুণসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও পরিবেশবান্ধব সমাজ গঠনের ওপর জোর দিয়েছেন তিনি।
রবিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে যৌথভাবে জেলা পরিষদ ও সমবায় অধিদপ্তর আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা, চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার সবার আগে স্বাবলম্বী পরিবার এবং সবার আগে বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে ইতিমধ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পার্বত্য অঞ্চলে কৃষির রূপান্তরের কথা উল্লেখ করে তিনি বলেন, গবেষণায় দেখা গেছে পার্বত্য অঞ্চলের ২৬টি উপজেলায় কফি, কাজুবাদাম, রামবুটান, মাশরুম, চুইঝাল ও লটকন চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রুমা ও থানচি এলাকা কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এসব সম্ভাবনাময় কৃষিপণ্যের পাশাপাশি দেশি মুরগি, গাড়ল ও মসলা জাতীয় ফসল উৎপাদনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমবায় ব্যবস্থার মাধ্যমে একটি বৈষম্যহীন ও সম্প্রীতির বান্দরবান গড়ার আশাবাদ প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বান্দরবান জেলার ৪টি সমবায় সমিতিকে মোট ৯ লাখ টাকার ঘূর্ণায়মান ঋণ এবং চমৎকার অবদানের জন্য ৫টি সমবায় সংস্থাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত্যু তহবিল থেকে প্রয়াত ১৯ জন শ্রমিকের পরিবারের হাতে নগদ অনুদান তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাইমং, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এবং জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগমসহ স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সমবায়ীবৃন্দ।