<p><br></p>
বিশ্বকাপসহ নিজেদের নানা প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের যে পরিকল্পনা করেছিল ফিফা, তা তীব্র সমালোচনার মুখে পড়েছিল। যদিও প্রস্তাব উত্থাপনের কদিনের মধ্যেই তা বাতিল করা হয়, তবুও বিতর্ক এড়ানো যায়নি। এবার সেই বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাবের গোপন নথিগুলো ফিফা কাউন্সিল সদস্যদের সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।
এর আগে, গত নভেম্বরের শুরুতে ওই প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশ করতে ফিফাকে ২ নভেম্বরের একটি কড়া আল্টিমেটাম দিয়েছিল উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই ক্রমবর্ধমান চাপের মুখেই শেষ পর্যন্ত অবস্থান কিছুটা নরম করতে বাধ্য হলো ফিফা।
যে শর্তে দেখা যাবে নথি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফিফার সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রম সোমবার কাউন্সিল সদস্যদের একটি চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, আগ্রহী সদস্যরা জুরিখে অবস্থিত ফিফার প্রধান কার্যালয়ে এসে নির্দিষ্ট নিয়ম মেনে নথিগুলো পর্যালোচনা করতে পারবেন।
বিবিসি স্পোর্টসের হাতে আসা ওই চিঠি অনুযায়ী, গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এগুলো দেখতে হবে ‘কঠোর পর্যালোচনার নিয়মের’ আওতায়। নাম নিবন্ধনের জন্য সদস্যদের দুই সপ্তাহ সময় দেওয়া হলেও, ঠিক কোন কোন গোপন নথি তাদের দেখানো হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
ইনফান্তিনোর দুঃখ প্রকাশ ও অস্বস্তি এর আগে ফিফা কাউন্সিলের এক বৈঠকে এই পরিকল্পনা বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছিলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে প্রস্তাবটি কার মাথা থেকে এল কিংবা কীভাবে এর প্রক্রিয়া শুরু হলো, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। উল্টো তিনি সদস্যদের এ বিষয়ে লিখিত প্রশ্ন জমা দেওয়ার অনুরোধ জানান।
বিশ্লেষকদের মতে, নতুন এই সুযোগের ফলে বিতর্কিত ওই উদ্যোগের পেছনের আসল রহস্য হয়তো কিছুটা পরিষ্কার হবে কাউন্সিল সদস্যদের কাছে। তবে নথিগুলো আংশিক নাকি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এবং সাধারণের জন্য তা উন্মুক্ত হবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে।