<p><br></p>
দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও বরেন্দ্রভূমির কৃষি, পরিবেশ এবং অর্থনীতিকে বাঁচাতে পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ, শিক্ষক, কৃষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তা এ অঞ্চলের সুরক্ষায় এক শক্তিশালী 'মহাপ্রাচীর' হিসেবে কাজ করবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল—‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, বারনই, হোজা ও বড়াল দখল ও দুষণমুক্ত’। এতে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমীক্ষার তথ্য তুলে ধরে মূল প্রবন্ধে জানানো হয়:
প্রকল্প চালু হলে দেশের জাতীয় জিডিপিতে ০.৪৫% অবদান যুক্ত হতে পারে এবং বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুফল পাওয়া সম্ভব।
পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের এক-তৃতীয়াংশ এলাকা মরুপ্রক্রিয়ার ঝুঁকিতে পড়েছে এবং ফারাক্কার একতরফা প্রভাবে গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে।
পাংশায় ব্যারেজ নির্মিত হলে পদ্মার মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বাড়বে; বর্ষায় পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করা গেলে বরেন্দ্র অঞ্চলের খরা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার সংকট মোকাবিলা সহজ হবে।
পদ্মা ব্যারেজ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা এবং প্রথম ধাপের কাজের পাশাপাশি দ্বিতীয় ধাপের কার্যকর পরিকল্পনা নেওয়া।
ব্যারেজ নির্মাণের পর বরেন্দ্র অঞ্চলের জন্য উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত শুরু করা।
বরেন্দ্র অঞ্চলের ব্যক্তিমালিকানাধীন পুকুর, দিঘি ও জলাশয় প্রয়োজনে অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা।