দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-11-2026

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে

দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও বরেন্দ্রভূমির কৃষি, পরিবেশ এবং অর্থনীতিকে বাঁচাতে পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ, শিক্ষক, কৃষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তা এ অঞ্চলের সুরক্ষায় এক শক্তিশালী 'মহাপ্রাচীর' হিসেবে কাজ করবে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল—‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, বারনই, হোজা ও বড়াল দখল ও দুষণমুক্ত’। এতে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। সেখানে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারেজ নির্মাণ এবং সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় এর প্রথম ধাপের অনুমোদনের মধ্য দিয়ে সেই উদ্যোগ এগিয়ে চলছে। পরিকল্পনা কমিশনের তথ্যের বরাত দিয়ে প্রবন্ধে আরও বলা হয়, পরিবেশ সুরক্ষা, নদীভাঙন নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং উপকূলীয় লবণাক্ততা কমানোর লক্ষ্যের সঙ্গে প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ।

সমীক্ষার তথ্য তুলে ধরে মূল প্রবন্ধে জানানো হয়:

  • প্রকল্প চালু হলে দেশের জাতীয় জিডিপিতে ০.৪৫% অবদান যুক্ত হতে পারে এবং বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুফল পাওয়া সম্ভব।

  • পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের এক-তৃতীয়াংশ এলাকা মরুপ্রক্রিয়ার ঝুঁকিতে পড়েছে এবং ফারাক্কার একতরফা প্রভাবে গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে।

  • পাংশায় ব্যারেজ নির্মিত হলে পদ্মার মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বাড়বে; বর্ষায় পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করা গেলে বরেন্দ্র অঞ্চলের খরা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার সংকট মোকাবিলা সহজ হবে।

প্রবন্ধ অনুযায়ী, ব্যারেজের ফলে পদ্মায় বাড়তি পানির প্রবাহকে কাজে লাগিয়ে উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের আওতায় গোদাগাড়ী পয়েন্টে একটি ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিস্তীর্ণ খরাপ্রবণ এলাকার (যার তিন-চতুর্থাংশ আবাদি জমি) সেচ নিশ্চিত করতে মূল খাল, শাখা খাল ও উপখালের নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণকারীরা নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরেন:

  • পদ্মা ব্যারেজ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা এবং প্রথম ধাপের কাজের পাশাপাশি দ্বিতীয় ধাপের কার্যকর পরিকল্পনা নেওয়া।

  • ব্যারেজ নির্মাণের পর বরেন্দ্র অঞ্চলের জন্য উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত শুরু করা।

  • বরেন্দ্র অঞ্চলের ব্যক্তিমালিকানাধীন পুকুর, দিঘি ও জলাশয় প্রয়োজনে অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধের ওপর প্রায় ২০ জন আলোচক মতামত দেন। অতিথি ও আলোচকদের মধ্যে ছিলেন বাপাউবোর অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম, বিএমডিএ-এর প্রকৌশলী হারুন অর রশিদ এবং রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।