<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:২২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান


বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৬
বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা


বিদেশ যাওয়ার আশায় জমিজমা বিক্রি কিংবা চড়া সুদে ঋণ নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) ছুটে আসেন হাজারো মানুষ। প্রবাসগামী অনেকের কাছেই এটি শেষ ভরসার জায়গা। তবে এই প্রতিষ্ঠানের ভেতরে গড়ে ওঠা একটি প্রভাবশালী চক্রের দাপটে সাধারণ কর্মী ও ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তদন্ত কমিটি গঠন হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় অনেক অনিয়ম ধামাচাপা পড়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

বিএমইটির ভেতরের এই বলয়ের কেন্দ্রে উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপপরিচালক জোহরা মনসুরের নাম উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্র ও মন্ত্রণালয়ে জমা হওয়া অভিযোগ অনুযায়ী, এই দুই কর্মকর্তার প্রভাব বলয়ের বাইরে গিয়ে কোনো কাজ করা কঠিন হয়ে পড়েছে। এমনকি রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনের শীর্ষ পদে রদবদলের পরও সংস্থাটির ভেতরের এই প্রভাব অটুট রয়েছে বলে দাবি করছেন কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।

অভিযোগে বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে ‘আমি প্রবাসী’ অ্যাপের কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন রেজওয়ানুল হক চৌধুরী। সে সময় জনশক্তি ছাড়পত্রের আইটি-সংক্রান্ত দায়িত্বও তার হাতে ছিল। অভিযোগ অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধন, প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রক্রিয়ায় নির্ধারিত সরকারি ফির বাইরে কর্মীদের কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হতো। প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার ছাড়পত্র হিসাব করলে এবং ২৫ লাখের বেশি ছাড়পত্র ইস্যুর প্রেক্ষাপটে এই খাত থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ছাড়া বিএমইটির কাকরাইল কার্যালয়ের সপ্তম তলায় ‘আমি প্রবাসী’ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস বসিয়ে কর্মীদের ছবি তোলার নামে জনপ্রতি ৪০০ টাকা করে নেওয়ার অভিযোগও রয়েছে। এই কাজের দায়িত্ব জোহরা মনসুরের এক আত্মীয়কে দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ২০২৩ সালের ৯ নভেম্বরের এক নির্দেশনায় বলা হয়েছিল, ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে আদায় করা সার্ভিস চার্জের (ভ্যাট ও ট্যাক্স বাদে) ১০ শতাংশ অর্থ সরাসরি ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডকে দিতে হবে। তবে ২০২৪ সালের ২৪ জানুয়ারি সংশোধিত সার্ভিস অ্যাগ্রিমেন্টে সেই অর্থ বোর্ডের বদলে বিএমইটিকে পরিশোধের বিষয়টি উল্লেখ করা হয়। হিসাব সমন্বয়, মন্ত্রণালয়কে অবহিত করা এবং কার্যকর তারিখের মতো বিষয়গুলোও সংশোধিত চুক্তিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের নভেম্বরে অনুমোদন পাওয়া ২৫২টি নতুন রিক্রুটিং এজেন্সির বাস্তব অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সরেজমিন অনুসন্ধানে রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন ও বিজয়নগরের বিভিন্ন ভবনে নিবন্ধিত ঠিকানা খুঁজে গিয়ে অনেক এজেন্সির অফিস পাওয়া যায়নি। কোথাও নিবন্ধিত ঠিকানায় অন্য প্রতিষ্ঠানের অফিস রয়েছে, আবার একাধিক এজেন্সির ঠিকানা এক জায়গায় দেখানো হলেও বাস্তবে তাদের কার্যক্রম নেই। যে কয়েকটি প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে, তাদের অনেকেই এখনো বিদেশে কর্মী পাঠাতে পারেনি।

মন্ত্রণালয়ে জমা হওয়া অভিযোগে আরও দাবি করা হয়েছে, ২০২৪ সালে বিএমইটির বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ছাড়াই অর্থের লেনদেনে প্রায় ১২০ জনকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি পদোন্নতি ও বদলিতে প্রভাব বিস্তারের কথাও বলা হয়েছে।

এ ছাড়া রিক্রুটিং এজেন্সির অনিয়মের তদন্তে গঠিত কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাবেক কর্মী নূরজাহান আক্তারের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও পাচার-সংক্রান্ত অভিযোগে দুদক ও সিআইডিতে মামলা থাকলেও বিএমইটির অভ্যন্তরীণ তদন্তে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন জোহরা মনসুর। ৫৩টি এজেন্সির বিরুদ্ধে কিশোরী পাচারের অভিযোগের তদন্তেও তার অসহযোগিতার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। অতীতের রাজনৈতিক অবস্থান নিয়েও তার বিরুদ্ধে ভিন্নমত ও সমালোচনা রয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপপরিচালক জোহরা মনসুর দাবি করেন, তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন এবং নিয়মের মধ্যেই কাজ করেন। অপরদিকে, উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরীর সঙ্গে ফোনে ও ক্ষুদেবার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ জিল্লুর রহমান খান জানান, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়মের প্রমাণ মিললে ছাড় দেওয়ার সুযোগ নেই।



শেয়ার করুন