<p><br></p>
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৬)।শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শার্শা গ্রামের আরটি গার্মেন্টসের সামনে শার্শা-জামতলা সড়কে এ অভিযান পরিচালনা করে শার্শা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ইমরান হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরোনো কালো রঙের হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিখিত এজাহার দাখিল করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় আটক ইমরান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।