<p><br></p>
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে। সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই বেতন কাঠামো আগামী জানুয়ারি মাস থেকেই কার্যকর করার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উভয় পক্ষ নিজেদের লিখিত দাবি-দাওয়া জমা দেবে।
তিনি আরও জানান, উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে কাজ করছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, আগের মতো এবার কোনো কালক্ষেপণ করা হবে না এবং দ্রুততম সময়ের মধ্যেই নিম্নতম মজুরির সুপারিশ করা হবে। এছাড়া মালিকপক্ষের প্রতিনিধিও নিশ্চিত করেছেন যে, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।