<p><br></p>
ডেটা গোপনীয়তা ও সাইবার সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গত ২৯ অক্টোবর অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘ডিজি ই-পে সার্ভিসেস লিমিটেড’ বা ডিজিপে-র কার্যক্রম এনপিএসবির মাধ্যমে স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নিয়মিত পরিদর্শনে ডিজিপের সার্ভারে ভারত থেকে অবৈধ প্রবেশ (এক্সেস) এবং সেখান থেকে প্রযুক্তিগত নিয়ন্ত্রণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দেশের বাইরে থেকে কোনো আর্থিক সেবা পরিচালিত হওয়া নাগরিকদের তথ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি।
অন্যদিকে, ডিজিপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ দাবি করেছেন যে, তাদের সিস্টেমের মূল প্রযুক্তি ভারতের একটি গবেষণা ও উন্নয়ন (R&D) দল তৈরি করেছিল। তবে ভারতীয় ডেভেলপারদের শুধুমাত্র নির্দিষ্ট উন্নয়ন কাজের জন্যই সীমিত প্রবেশাধিকার দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে প্ল্যাটফর্ম পরিচালনার জন্য নয়। তিনি আরও জানান, তাদের প্ল্যাটফর্মে কোনো ধরনের সাইবার নিরাপত্তা লঙ্ঘনের (Security Breach) ঘটনা ঘটেনি এবং কোনো আলোচনা ছাড়াই হঠাৎ এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।