<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৮:৪৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ ট্রাম্পের নীতির ফাঁদে পা না দিতে ইরাককে সতর্ক করল তেহরান সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকা বিতর্কে আদালতে দিল্লি পুলিশের প্রতিবেদন


গজারিয়ায় ডিবি পরিচয়ে কাভার্ডভ্যান ডাকাতি: ৪ জন গ্রেপ্তার, লুট হওয়া যানবাহন ও সরঞ্জাম উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
গজারিয়ায় ডিবি পরিচয়ে কাভার্ডভ্যান ডাকাতি: ৪ জন গ্রেপ্তার, লুট হওয়া যানবাহন ও সরঞ্জাম উদ্ধার


মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ সেজে পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করার পাশাপাশি লুণ্ঠিত কাভার্ডভ্যান, ডাকাতিতে ব্যবহৃত দুটি নোহা গাড়ি এবং ভুয়া পরিচয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আরপি এন্টারপ্রাইজের মালিক গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা (আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা) নিয়ে ঢাকার উদ্দেশে একটি নীল-সবুজ রঙের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-২০-১৫২৬) পাঠান।

পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কাভার্ডভ্যানটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে দাউদকান্দি সেতুর টোল প্লাজা পার হলে একটি সাদা টয়োটা নোহা থেকে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি থামায়। চালককে মারধর করে গাড়িতে মাদক থাকার ভয় দেখানো হয় এবং তাঁর মোবাইল ফোন, গাড়ির চাবি ও কাগজপত্র কেড়ে নেওয়া হয়। পরে চালককে নোহা গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা এবং একজন কাভার্ডভ্যানের নিয়ন্ত্রণ নেয়। একপর্যায়ে কুমিল্লার একটি নির্জন এলাকায় চালককে নামিয়ে দিয়ে ২৯ লাখ টাকা মূল্যের কাভার্ডভ্যানসহ প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকার প্লাস্টিক দানা লুট করে পালিয়ে যায় ডাকাত দল।

ঘটনার পর ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিকের অভিযোগে গজারিয়া থানায় মামলা হয়। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহমেদ পিপিএম এবং গজারিয়া থানার ওসি কায়সার আহমেদের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও কৌশল কাজে লাগিয়ে ২৭ নভেম্বর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

অভিযানে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:

  • লুট হওয়া নীল ও সবুজ রঙের কাভার্ডভ্যান

  • ডাকাতিতে ব্যবহৃত দুটি নোহা গাড়ি

  • 'সাংবাদিক' লেখা প্রেস স্টিকার ও 'জরুরি চিকিৎসক' লেখা স্টিকার

  • একটি জেনারেটর লাইট, ১৫টি ছোট টর্চলাইট ও ১২টি লাঠি

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তাঁরা বিভিন্ন সময় পুলিশ, ডিবি ও র‍্যাব পরিচয়ে মহাসড়কে ডাকাতি ও ছিনতাই করতেন। তদন্তে জানা গেছে, এই চক্রে আরও দুই থেকে তিনজন জড়িত রয়েছেন এবং তাঁদের কাছেও কিছু লুণ্ঠিত মালামাল থাকতে পারে। পলাতক অন্যদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।

শুরুতে চারজনের সম্পৃক্ততার ভিত্তিতে মামলা হলেও তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মামলাটি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



শেয়ার করুন