বিদেশ যাওয়ার আশায় জমিজমা বিক্রি কিংবা চড়া সুদে ঋণ নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) ছুটে আসেন হাজারো মানুষ। প্রবাসগামী অনেকের কাছেই এটি শেষ ভরসার জায়গা। তবে এই প্রতিষ্ঠানের ভেতরে গড়ে ওঠা একটি প্রভাবশালী চক্রের দাপটে সাধারণ কর্মী ও ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তদন্ত কমিটি গঠন হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় অনেক অনিয়ম ধামাচাপা পড়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে ‘আমি প্রবাসী’ অ্যাপের কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন রেজওয়ানুল হক চৌধুরী। সে সময় জনশক্তি ছাড়পত্রের আইটি-সংক্রান্ত দায়িত্বও তার হাতে ছিল। অভিযোগ অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধন, প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রক্রিয়ায় নির্ধারিত সরকারি ফির বাইরে কর্মীদের কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হতো। প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার ছাড়পত্র হিসাব করলে এবং ২৫ লাখের বেশি ছাড়পত্র ইস্যুর প্রেক্ষাপটে এই খাত থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ছাড়া বিএমইটির কাকরাইল কার্যালয়ের সপ্তম তলায় ‘আমি প্রবাসী’ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস বসিয়ে কর্মীদের ছবি তোলার নামে জনপ্রতি ৪০০ টাকা করে নেওয়ার অভিযোগও রয়েছে। এই কাজের দায়িত্ব জোহরা মনসুরের এক আত্মীয়কে দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালের নভেম্বরে অনুমোদন পাওয়া ২৫২টি নতুন রিক্রুটিং এজেন্সির বাস্তব অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সরেজমিন অনুসন্ধানে রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন ও বিজয়নগরের বিভিন্ন ভবনে নিবন্ধিত ঠিকানা খুঁজে গিয়ে অনেক এজেন্সির অফিস পাওয়া যায়নি। কোথাও নিবন্ধিত ঠিকানায় অন্য প্রতিষ্ঠানের অফিস রয়েছে, আবার একাধিক এজেন্সির ঠিকানা এক জায়গায় দেখানো হলেও বাস্তবে তাদের কার্যক্রম নেই। যে কয়েকটি প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে, তাদের অনেকেই এখনো বিদেশে কর্মী পাঠাতে পারেনি।
এ ছাড়া রিক্রুটিং এজেন্সির অনিয়মের তদন্তে গঠিত কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাবেক কর্মী নূরজাহান আক্তারের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও পাচার-সংক্রান্ত অভিযোগে দুদক ও সিআইডিতে মামলা থাকলেও বিএমইটির অভ্যন্তরীণ তদন্তে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন জোহরা মনসুর। ৫৩টি এজেন্সির বিরুদ্ধে কিশোরী পাচারের অভিযোগের তদন্তেও তার অসহযোগিতার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। অতীতের রাজনৈতিক অবস্থান নিয়েও তার বিরুদ্ধে ভিন্নমত ও সমালোচনা রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপপরিচালক জোহরা মনসুর দাবি করেন, তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন এবং নিয়মের মধ্যেই কাজ করেন। অপরদিকে, উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরীর সঙ্গে ফোনে ও ক্ষুদেবার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ জিল্লুর রহমান খান জানান, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়মের প্রমাণ মিললে ছাড় দেওয়ার সুযোগ নেই।