<p><br></p>
ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন জান্নাতুল ফেরদৌস দিতি। বিকেএসপিতে প্রশিক্ষণ, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ, এমনকি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও খেলার সুযোগ হয়েছিল তাঁর। কিন্তু কাঁধের ইনজুরি বদলে দেয় সেই পথচলা। ক্রিকেটার হিসেবে মাঠে ফেরা না হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। খেলোয়াড়ের পরিচয় পেছনে ফেলে বেছে নিয়েছেন নতুন এক পথ—আম্পায়ারিং।এবার আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপে লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
জান্নাতুল ফেরদৌস দিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৮তম ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার ও ইন্টেগ্রিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালে বিকেএসপির ক্রিকেট বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়ে দিতির ক্রিকেটজীবনের সূচনা। খেলোয়াড় হিসেবে তিনবার প্রিমিয়ার লিগ এবং তিনবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নিয়েছেন তিনি। খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও। তবে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে কাঁধে চোট পাওয়ার পর তাঁর খেলোয়াড়ি জীবনে ছেদ পড়ে। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হওয়ার পরও আর ক্রিকেটার হিসেবে মাঠে ফেরা হয়নি তাঁর।
তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁকে খেলা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে দেয়নি। খেলোয়াড় হিসেবে মাঠে থাকার সুযোগ হারালেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকার সিদ্ধান্ত নেন দিতি। শুরু করেন আম্পায়ারিংয়ের যাত্রা। ২০২৫ সালে পেশাদার আম্পায়ারিং শুরু করার পর এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তিনটি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার এবং চারটি ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সরাসরি সম্প্রচারিত ম্যাচে আম্পায়ারিং করার সময় মানসিক চাপ অনুভব করেন কি না, জানতে চাইলে দিতি বলেন, “বড় টুর্নামেন্ট কিংবা সরাসরি সম্প্রচারিত ম্যাচ—কোনোটিতেই আমি আলাদা করে চাপ অনুভব করি না। আমি যা জানি এবং পারি, সেটাই ঠিকভাবে করার চেষ্টা করি। নিজের দায়িত্বের প্রতি মনোযোগী থাকাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আম্পায়ারিংয়ের এই যাত্রায় আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেলের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও হয়েছে তাঁর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের শেষ দিনে টফেল নিজেই এগিয়ে এসে দিতির সঙ্গে কথা বলেন। তাঁর মধ্যে সম্ভাবনা দেখার কথা জানিয়ে নিজের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দেন। অভিজ্ঞ এই আম্পায়ারের কাছ থেকে পাওয়া উৎসাহ দিতির কাছে বিশেষ অনুপ্রেরণার হয়ে রয়েছে।
নারী হিসেবে আম্পায়ারিং পেশায় কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কি না, জানতে চাইলে দিতি বলেন, “বিসিবিতে কাজের পরিবেশ বেশ সহযোগিতাপূর্ণ। আমি কখনো নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করিনি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রস্তুতি ঠিক রাখা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা।”
পেশাগত দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও সমানতালে চালিয়ে যাচ্ছেন দিতি। ম্যাচের কারণে ঢাকার বাইরে থাকতে হলে হোটেলে বসেই পড়াশোনা করেন। ক্রিকেটের ব্যস্ততা কম থাকলে একাডেমিক পড়াশোনায় বেশি সময় দেন। এ ক্ষেত্রে বিভাগের শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন তিনি। বিশেষ করে সহপাঠী অর্নিকা ও ফিজার সহযোগিতার কথা তুলে ধরেন দিতি।
এবারের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপে লিয়াজোঁ অফিসার হিসেবে একটি বিদেশি ক্রিকেট দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তিনি। এ দায়িত্বে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে অর্জিত ভাষাগত দক্ষতা ও জ্ঞান সরাসরি কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন দিতি। বিষয়টি তাঁর কাছে বিশেষ আনন্দেরও।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে নিজের অভিজ্ঞতা থেকে দিতি বলেন, “নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজের পছন্দের পথটি যদি প্রচলিত ধারার বাইরে হয়, তাতেও সমস্যা নেই। অন্যের প্রত্যাশার কাছে নিজের স্বপ্নকে বিসর্জন দেওয়া উচিত নয়। নিজের লক্ষ্য ঠিক রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।”
দিতির স্বপ্ন একদিন আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। খেলোয়াড় হিসেবে যে ক্রিকেটের সঙ্গে তাঁর যাত্রা শুরু হয়েছিল, সেই ক্রিকেটেই ভিন্ন পরিচয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে চান তিনি। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপে নতুন দায়িত্ব তাঁর পেশাগত পথচলায় যুক্ত করতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।