<p><br></p>
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে শনিবার একটি স্কুলের পাশের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৯ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, স্কুলটির কাছাকাছি খননকাজে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখার একটি গুদাম থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
পাকিস্তান সীমান্ত লাগোয়া কুনার প্রদেশে একাধিক খনন প্রকল্প চলমান রয়েছে। কানি আরও জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।