<p><br></p>
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন।
নতুন এই দায়িত্ব গ্রহণের আগে মো. আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও পেশাগত দীর্ঘ ক্যারিয়ারে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
শিল্পাঞ্চলখ্যাত গাজীপুরে অপরাধ দমন, নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন কমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিল্প-কারখানার সুরক্ষা নিশ্চিত করা, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং মহানগরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর কাছে ইতিবাচক প্রত্যাশা রয়েছে। সংশ্লিষ্ট মহলের বিশ্বাস, তাঁর দক্ষ নেতৃত্বে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব হয়ে উঠবে।