<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ১১:০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যূনতম মজুরির দাবিতে হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ মার্কিন সিনেটে নতুন ইতিহাস: একই সঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী রাজধানীর কল্যাণপুরে বেড়িবাঁধ সড়কে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত বিতর্ক পেরিয়ে ফের জয়: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পঞ্চম মেয়াদে ফিলিস্তিনি কণ্ঠস্বর রাশিদা তালিব জিয়াউর রহমানের সমাধিতে চীনা কমরেড মন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘আপা আসছে, তাই ছাড়ছি দেশ’—ফেসবুক পোস্টে আসিফ মাহমুদের বিদায় বার্তা যুক্তরাষ্ট্রে আটক আফগান অভিবাসীদের বহিষ্কার পরিকল্পনা: আইনি ও রাজনৈতিক বিরোধের মুখে অনিশ্চিত ভবিষ্যৎ এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর: ডিসেম্বরেই বিশেষ সম্পূরক পরীক্ষা সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুর: ২৩শতাধিক অজ্ঞাতনামা আসামি করে ৩ মামলা, গ্রেফতার ১১


করিমগঞ্জে বিয়ের মাংস কিনতে গিয়ে অপহরণের শিকার বর
কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
করিমগঞ্জে বিয়ের মাংস কিনতে গিয়ে অপহরণের শিকার বর


কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য মাংস কিনতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে হাফেজ মাওলানা মো. নূরুল আমিন নামে এক যুবকের। তাঁকে মারধর করে একটি বাড়িতে আটকে রাখার অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ভূষারকান্দা গ্রামের একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া গ্রামের বাসিন্দা নূরুল আমিন নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য মাংস কিনতে নিয়ামতপুর বাজারে যান। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ভূষারকান্দা গ্রামের একটি গোরস্থানের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে টেনেহিঁচড়ে একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় করিমগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে মো. রফিকুল ইসলাম (৪২), আবু কালাম (৪৫) ও মো. রুমান (২০) নামে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।


অভিযোগকারী মো. আংগুর মিয়ার দাবি, তাঁর প্রবাসী বড় ভাই মো. রুহুল আমিনের সঙ্গে অভিযুক্ত রফিকুল ইসলামের বিদেশের টাকা-পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে তাঁদের পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।


তিনি আরও অভিযোগ করেন, ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে নূরুল আমিনকে ফেরত চাইলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়নি। বরং তাঁদের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা।


এ ঘটনায় নূরুল আমিনকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।


করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মামুন জানান, ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁকে উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন