<p><br></p>
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তের রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডিতদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। এছাড়া ট্রাইব্যুনালের অন্যান্য রায়ে যেসব আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে সেগুলোর বাস্তবায়নও নিশ্চিত করা হবে।
চিঠির মূল বিষয়বস্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পলাতক আসামি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও ভিক্টিমদের ক্ষতিপূরণ হিসেবে বিতরণের আদেশ দেন।
চিঠিতে আরও আশঙ্কা প্রকাশ করা হয় যে, দণ্ডিত পলাতক আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি দ্রুত সরকারের নিয়ন্ত্রণে না নিলে তারা যেকোনো সময় তা ভোগ, বিক্রয় বা হস্তান্তর করে আদালতের রায় ও আদেশকে অকার্যকর করে দিতে পারে। তাই অবিলম্বে এসব সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তা রাষ্ট্রের অধীনে নেওয়ার জন্য সবিশেষ অনুরোধ জানানো হয়েছে।
ট্রাইব্যুনাল-১-এর রায়: গত ২০২৫ সালের ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ওবায়দুল কাদেরসহ অন্যান্যদের সম্পদ বাজেয়াপ্ত: গত ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২-এর রায়ে ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
মাহবুব উল আলম হানিফ মামলা: কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে গত ২৯ অক্টোবর মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড এবং অন্য তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় দণ্ডিতদের স্থাবর সম্পত্তির অর্ধাংশ বাজেয়াপ্ত করে তা জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাজেয়াপ্ত হওয়া এসব সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।