<p><br></p>
সৌদি প্রো লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। লিগে টানা ১০০ ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়েছে দলটি, যা এর আগে সৌদি ফুটবলের শীর্ষ লিগে অন্য কোনো ক্লাব করতে পারেনি।
শনিবার (২৮ নভেম্বর) লিগের ১৩তম রাউন্ডে আল হাজমের বিপক্ষে মাঠে নামে আল নাসর। ম্যাচের ২৫তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তার করা গোলে লিড নেয় তারা। শুরুতে গোলটি নিয়ে কিছুটা সংশয় থাকলেও ২৬তম মিনিটে ভিএআর (VAR) যাচাইয়ের পর রেফারি গোলের চূড়ান্ত সংকেত দেন। এই গোলের মধ্য দিয়েই শততম ম্যাচে টানা গোল করার ঐতিহাসিক কীর্তি পূর্ণ হয় ক্লাবটির।
পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার (Opta) তথ্যমতে, আল নাসরের এই গোলযাত্রার শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর থেকে ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের আঙিনা—কোনো ম্যাচেই গোলশূন্য থাকেনি দলটি। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে জোয়াও ফেলিক্স, সাদিও মানেসহ দলের তারকা আক্রমণভাগের ধারাবাহিক নৈপুণ্যেই এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে।