<p><br></p>
বিদেশে পাচার করা অর্থ দিয়ে দেশে পুনরায় অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে হুইপ দুলু দাবি করেন, বিগত দেড় যুগে আওয়ামী লীগ দেশের বিপুল পরিমাণ অর্থ দুবাই ও ভারতে পাচার করেছে এবং কানাডায় ‘বেগম পাড়া’ গড়ে তুলেছে। তাঁর ভাষ্যমতে, বর্তমানে সেই পাচারকৃত অর্থ ব্যবহার করেই দেশে নতুন করে অশান্তি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।
আওয়ামী লীগের বিগত শাসনামলের কঠোর সমালোচনা করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দলটি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে জিম্মি ও কারাবন্দি করে রেখেছিল। দেশের যে পরিমাণ ক্ষতি তারা করেছে, তা আগামী ২০ কিংবা ২০০ বছরেও কাটিয়ে ওঠা সম্ভব হবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। দেশের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা আর বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
নিজ দলের অবস্থান তুলে ধরে সংসদের এই হুইপ আরও বলেন, বিএনপি কখনোই সন্ত্রাস বা খুনের রাজনীতিতে বিশ্বাস করে না; বরং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে, যার উদাহরণ হিসেবে তিনি গোপালগঞ্জের কথা উল্লেখ করেন। বক্তব্যের শেষে তিনি জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে তাঁরা রাজপথ পাহারার ব্যবস্থা করেছেন, যাতে দেশে আর কোনো অগ্নিসন্ত্রাস বা অরাজকতা সৃষ্টি হতে না পারে।