<p><br></p>
নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহাগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান। অভিযানে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবন ও মাদকদ্রব্য রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের এই দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সাহাগোলা গ্রামের মো. সবদুল প্রাং (৬৭), মো. শহিদুল ইসলাম (৬০), মো. আব্দুল জলিল (৩০) ও আম্বিয়া (৫০)।
দণ্ডাদেশ অনুযায়ী, মো. সবদুল প্রাংকে ৫০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে তাঁর কাছ থেকে আনুমানিক ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া মো. শহিদুল ইসলামকে ৫০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মো. আব্দুল জলিল ও আম্বিয়াকে পৃথকভাবে ৫০ টাকা করে অর্থদণ্ডসহ ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
মাদক নির্মূল ও সমাজে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।