<p><br></p>
সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান তৈরিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নানা মানবিক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়ন পরিষদে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বিজিবি সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত পাহারা ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ত্রাণ ও খাদ্য সহায়তা, দুর্যোগে উদ্ধার তৎপরতা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানের মতো জনকল্যাণমূলক কাজ নিয়মিত করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী শিক্ষিত বেকার যুবকদের দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং এতে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যকার আস্থা আরও গভীর হবে।
অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা ২০ জন যুবকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এর আগে গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিজিবির তাজপুর বিওপি এলাকার ২০ জন বেকার যুবককে নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
সমাপনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন-নবী, পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. চাঁন মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।