<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‎নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে


প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ


লিবিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বিভাজন অবসানে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গত বুধবার প্রথমবারের মতো আঙ্কারায় পূর্ব লিবিয়ার সামরিক কমান্ডার খলিফা হাফতারের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে পশ্চিমাঞ্চলভিত্তিক প্রতিদ্বন্দ্বী সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মূলত লিবিয়ার বিবদমান দুই পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদার করে একটি একক সরকার ও সমন্বিত সামরিক কাঠামো গড়ে তোলাই তুরস্কের লক্ষ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই কৌশলগত পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে।

২০১৯-২০ সালের লিবিয়ার গৃহযুদ্ধের সময় তুরস্ক সামরিক সহায়তা দিয়ে ত্রিপোলিভিত্তিক সরকারকে সমর্থন করেছিল এবং হাফতারের বাহিনীর রাজধানী দখলের প্রচেষ্টা রুখে দিয়েছিল। তবে ২০২০ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর থেকে হাফতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার দিকে এগোচ্ছে তুরস্ক। এরই ধারাবাহিকতায় গত অক্টোবরে আঙ্কারায় লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের সামরিক নেতৃত্বের মধ্যে আলোচনা হয়, যেখানে মধ্যাঞ্চলীয় শহর সির্তেতে একটি যৌথ সামরিক কমান্ড গঠনের প্রস্তাব ওঠে। যদিও ঐক্যবদ্ধ বাহিনীর নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

লিবিয়ায় তুরস্কের এই সক্রিয়তার পেছনে ভূমধ্যসাগরের সামুদ্রিক সীমান্ত চুক্তি, জ্বালানি ও অর্থনৈতিক স্বার্থ বড় ভূমিকা রাখছে। ২০১৯ সালে ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে স্বাক্ষরিত সামুদ্রিক সীমান্ত চুক্তিটি গত মাসে পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষও অনুমোদন দেওয়ায় ভূমধ্যসাগরে তুরস্কের কৌশলগত অবস্থান আরও সুসংহত হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, লিবিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক সংকট এবং ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে মতভেদ ঐক্য প্রক্রিয়ায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতারকে প্রেসিডেন্সি কাউন্সিলের চেয়ারম্যান করার প্রস্তাবটি পশ্চিমাঞ্চলের প্রভাবশালী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েছে।

সবকিছু ঠিক থাকলে ১৫ বছর পর আগামী ডিসেম্বরে লিবিয়া সফরে যেতে পারেন এরদোয়ান। তবে ওই সফরে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি কোনো বৈঠক আয়োজন করা সম্ভব হবে কি না, তা এখনো অনিশ্চিত।



শেয়ার করুন