<p><br></p>
গাজার যুদ্ধাহত মানুষের চিকিৎসায় এগিয়ে এসে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন মিসরীয় বংশোদ্ভূত মার্কিন সার্জন অ্যাডাম হামাউয়ি। এবার তিনি পা রাখছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে—নির্বাচিত হয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য।
নিউ জার্সি অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়ে তিনি এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম কোনো মুসলিম ও মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হিসেবে রেকর্ড গড়লেন তিনি।
বিজয়ী বক্তব্যে গাজার স্মরণ
গত মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে এই জয় পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের প্রতি কৃতজ্ঞতা জানান হামাউয়ি। প্রিন্সটনে নিজের বিজয় উদ্যাপন অনুষ্ঠানে তিনি বলেন, "গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি—আপনাদের হাসি আমাকে আরও সুন্দর একটি পৃথিবীর জন্য লড়াই করার সাহস ও আশা জোগায়।"
চ্যালেঞ্জ ও রাজনৈতিক প্রতিশ্রুতি
দ্রুতই সংসদীয় কাজ শুরুর প্রত্যয় ব্যক্ত করে ডা. হামাউয়ি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহির মুখোমুখি করার কঠোর অঙ্গীকার করেন। নিজের পেশাগত পরিচয় তুলে ধরে তিনি বলেন, "আমি একজন সার্জন। আপনাদের বলতে পারি, আমরা রক্তক্ষরণ বন্ধ করব। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা ক্ষমতাকাঠামোর কারণে যারা পিছিয়ে পড়েছেন, আমরা প্রতিটি আমেরিকানের জন্য লড়াই করব।"
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অবস্থান বেশ জোরালো হয়েছে। ইতিপূর্বের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা (২১৮ আসন) থাকলেও, এমএস নাউ-এর পূর্বাভাস বলছে—নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা প্রায় ২৫০টি আসন পেতে পারে। আগামী বছরের জানুয়ারি থেকেই নতুন এই কংগ্রেসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।