<p><br></p>
দেশের বিভিন্ন বাস্তব সমস্যা দূর করতে বিদেশি নির্ভরতা কমিয়ে স্থানীয় মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাত, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগেই কেবল টেকসই সমাধান মিলতে পারে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে ‘শিল্প ও একাডেমিয়ার সংযোগ: ব্যবসায়িক উদ্ভাবনের দিকে এআই-এর রূপান্তর’ শীর্ষক এই সেশনটি আয়োজন করা হয়।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ছোঁয়ায় নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডাটা অ্যানোটেশন ও এআই অ্যাপ্লিকেশনের মতো ক্ষেত্রগুলোতে তরুণদের উপযোগী করে শিক্ষাক্রম সাজানো হচ্ছে।
ডিসিসিআইর সাবেক সভাপতি রিজওয়ান রহমানের সঞ্চালনায় সামিটে আরও বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাবির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রযুক্তি উদ্যোক্তারা।