<p><br></p>
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান। গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে দুর্বৃত্তরা তার পথরোধ করে সঙ্গে থাকা ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের উল্টো পাশের আঘাতে তিনি হাতে চোট পান।
ভুক্তভোগী রাব্বি আল রাফসান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মাস্টার্সের শিক্ষার্থী এবং এনডিএমের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বিবরণ দিয়ে রাফসান জানান, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি মাস্টার্সের ক্লাসে অংশ নিতে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে একটি অটোরিকশায় ইউল্যাব ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। বেড়িবাঁধ সংলগ্ন জনতা বাজারের সামনে পৌঁছালে অপর একটি অটোরিকশা এসে তার গতিরোধ করে। মুহূর্তেই ওই অটোরিকশা থেকে চারজন দুর্বৃত্ত নেমে চাপাতির ভয় দেখিয়ে তার পকেট ও কাঁধের ব্যাগ তল্লাশি করে আইফোনটি লুটে নেয়।
আত্মরক্ষার্থে ও ফোন বাঁচাতে তিনি ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা চাপাতির উল্টো দিক দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তার ডান হাত জখম হয়। পরবর্তীতে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং বিষয়টি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবহিত করেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।