<p><br></p>
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হতে বাগদাদকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় প্রতিবেশী দেশটির প্রতি এই আহ্বান জানান।
সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে তেল চোরাচালান রোধ, দুর্নীতি দমন এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সব অস্ত্র ফিরিয়ে আনার উদ্যোগের জন্য ইরাকি প্রধানমন্ত্রীর তারিফ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরপরই তেহরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।
নিজের পোস্টে ইরানের পররাষ্ট্রনীতির মূল দর্শন তুলে ধরে মোখবার উল্লেখ করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের স্বার্থ ও ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। দুঃসময়ে তেহরান সব সময় ইরাকের জনগণের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
দুই দেশের এই অবিচ্ছেদ্য সম্পর্কের কথা উল্লেখ করে মোখবার বাগদাদকে সীমান্ত পরিস্থিতির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরাক যেন কোনোভাবেই ইসলামের শত্রুদের ক্রীড়নকে পরিণত না হয় এবং ‘অপরাধী ট্রাম্পের’ এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হয়ে না ওঠে।
উল্লেখ্য, এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই গত বুধবার ইরাকের সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে সংযুক্ত দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।