<p><br></p>
১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল—এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৭ নভেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা, ঢেউটিন এবং কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির এক ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়ে বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং অক্ষুণ্ন থাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের নেতৃত্ব দিয়ে সরাসরি যুদ্ধ করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাজ করে গেছেন।
অনুষ্ঠানে এলাকার অসচ্ছল মানুষের মাঝে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—
মানবিক সহায়তা: ৯০ জন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে।
গৃহনির্মাণ সহায়তা: ৫৬ জনকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং প্রত্যেকের জন্য ৬ হাজার টাকা।
কর্মসংস্থান: ২০০ জন কর্মজীবী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ।
বেলাব উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই সহায়তাগুলো প্রদান করা হয়।