<p><br></p>
নোয়াখালী জুড়ে কিশোর অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এই সমন্বিত অভিযান চালানো হয়।
শনিবার দুপুরে এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
আটক ব্যক্তিদের বিষয়ে গৃহীত আইনি পদক্ষেপ:
মুচলেকায় হস্তান্তর: আটক ৩৭ জনের মধ্যে ৩৪ জন কিশোরকে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ অভিভাবক ও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আইনি ব্যবস্থা: দুজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং পূর্বের একটি মামলায় সরাসরি একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
থানাভিত্তিক আটকের তালিকা:
সুধারাম মডেল থানা: ৭ জন
সোনাইমুড়ী থানা: ৭ জন
কোম্পানীগঞ্জ থানা: ৫ জন
বেগমগঞ্জ থানা: ৫ জন
কবিরহাট থানা: ৪ জন
হাতিয়া থানা: ৪ জন
চরজব্বর থানা: ৩ জন
সেনবাগ থানা: ২ জন
পুলিশ প্রশাসন জানিয়েছে, কিশোররা যেন অপরাধের পথে না বাড়ায় এবং গ্যাং কালচার রোধ করা যায়, সে লক্ষ্যেই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, অপরাধ দমনের এই অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও জোরদার করা হবে।