<p><br></p>
গোপালগঞ্জের মুকসুদপুর কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার তৃতীয় তলার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার আরবি প্রভাষক আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রুহুল আমিন, উপাধ্যক্ষ মুফতি মো. মাইন উদ্দীন মোল্লা, সহকারী প্রভাষক সুফিয়া খাতুন ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম শরীফ।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উল্লেখযোগ্য দিক ও দেশের ইতিহাসে তাঁর অবদান সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দিবসটির সঙ্গে সংশ্লিষ্ট সিপাহি-জনতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।