প্রেমের টানে ঘর ছেড়ে বিয়ে, সুনামগঞ্জের দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
অনলাইন ডেস্ক
-
আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমের সম্পর্ক ধরে ঘর ছেড়ে বিয়ে করার জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার করিমপুর ইউনিয়নে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাটিয়াপুর গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল হলিমপুর গ্রামের এক তরুণীর। গত মঙ্গলবার রাতে ওই তরুণী প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যান এবং পরবর্তীতে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এই বিয়ে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শুরু হয় বিরোধ। মেয়ের পরিবারের দাবি, তাদের মেয়েকে ফুসলিয়ে অপহরণ করা হয়েছে। অন্যদিকে ছেলের পরিবারের দাবি, কোনো ধরনের জোরজবরদস্তি বা প্রলোভন ছাড়াই স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে সংসার পাতার সিদ্ধান্ত নেন ওই তরুণী।
পরিস্থিতি শান্ত করতে এবং দুই পরিবারের মধ্যে সমঝোতা করতে রাতেই ছেলের পক্ষের লোকজন মেয়ের বাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলের আত্মীয়-স্বজনের ওপর হামলা চালায় মেয়ের পরিবার। এর জের ধরে বুধবার দুপুরে উভয় গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তবে বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শেয়ার করুন