<p><br></p>
০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:১৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


সাবেক এমপি অসীম ও অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের পৃথক দুই মামলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৬
সাবেক এমপি অসীম ও অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের পৃথক দুই মামলা


নেত্রকোনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আওয়ামী লীগের সাবেক এই এমপি দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং অর্থ স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।

এজাহারে বলা হয়, অসীম কুমার উকিল তার সম্পদ বিবরণীতে ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য দেন। তবে যাচাইয়ে তার নামে ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অন্যদিকে, তার গ্রহণযোগ্য আয় ছিল ৭ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৯৯২ টাকা। মোট ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বৈধ উৎস দাঁড়ায় ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা। এর বাইরে তার নামে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া স্বামী অসীম কুমার উকিলের সঙ্গে যোগসাজশে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

দুদকের এজাহারে বলা হয়, অপু উকিলের নামে মোট ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৯৬ টাকার সম্পদ পাওয়া গেছে। তার গ্রহণযোগ্য আয় ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা। তবে মোট ব্যয় ছিল ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা।

এজাহার অনুযায়ী, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষের মধ্যে চার দফায় স্বামী অসীম কুমার উকিলকে মোট ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা দেন অপু উকিল। দুদকের অভিযোগ, অর্থের অবৈধ উৎস ও প্রকৃত মালিকানা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ স্থানান্তর করা হয়। অসীম কুমার উকিলও তার আয়কর নথিতে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেছেন।

অসীম কুমার উকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।



শেয়ার করুন