<p><br></p>
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম)। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদকে অবহিত করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সংসদের কার্যপ্রণালি বিধির ১৭২ বিধি অনুযায়ী পাওয়া নোটিশটি ১৭৬ বিধি অনুসারে স্পিকার অধিবেশনে পড়ে শোনান। তিনি জানান, সংসদীয় বিধিবিধান অনুযায়ী অধিবেশন চলাকালে আইনপ্রণেতার গ্রেফতার বা কারাবাসের তথ্য পেলে তা সংসদে আনুষ্ঠানিকভাবে পাঠ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে আদালতের নির্দেশে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন।
এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকেও পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে চলতি বছরের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়। তখন এমপি নিজেই স্বীকার করেন যে ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম। এজাহার সূত্রে জানা যায়, গত জুন মাসে তাদের বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তিনি স্বামী ও সতিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বলে পরিবারকে জানিয়েছিলেন।
এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে এমপি জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।