<p><br></p>
সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টাঙানো এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কলেজ অধ্যক্ষের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে টানা প্রায় পাঁচ ঘণ্টা তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে পদত্যাগের একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাঁরা সাময়িকভাবে অবরুদ্ধ অবস্থা তুলে নেন এবং দাবি না মানলে মঙ্গলবার সকাল থেকে পুনরায় অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে ১০ নভেম্বরের অবরোধ কর্মসূচির সমর্থনে কলেজ ফটকে ব্যানার টানায় ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রকাশ্যে ছাত্রলীগের এই তৎপরতার পেছনে কলেজের অধ্যক্ষ মহীদুল হাসানের ইন্ধন রয়েছে বলে দাবি করেন ছাত্রদল নেতৃবৃন্দ।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানা অভিযোগ করে বলেন, "দিনের আলোয় নিষিদ্ধ সংগঠনের নেতারা কলেজের মূল ফটকে ব্যানার টাঙিয়ে স্লোগান দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আমাদের বিশ্বাস, এই ঘটনার পেছনে অধ্যক্ষের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ রয়েছে।" তিনি স্পষ্ট জানিয়ে দেন, অধ্যক্ষ অবিলম্বে পদত্যাগ না করলে মঙ্গলবার সকাল থেকে আবারও তাঁকে কঠোর অবরুদ্ধ কর্মসূচির মুখোমুখি হতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মধ্যস্থতা ও সমঝোতার চেষ্টা চালান। তবে ছাত্রদলের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহীদুল হাসান। তিনি জানান, "কলেজে উচ্চমাধ্যমিক/বোর্ড পরীক্ষা চলমান থাকায় আমি নিজ কক্ষে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। বাইরে ব্যানার টানানোর বিষয়টি সম্পর্কে আমি পূর্ব থেকে অবহিত ছিলাম না। পুরো ঘটনাটি ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং তাঁরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।