সাবেক এমপি অসীম ও অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের পৃথক দুই মামলা


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 09-11-2026

সাবেক এমপি অসীম ও অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের পৃথক দুই মামলা

নেত্রকোনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আওয়ামী লীগের সাবেক এই এমপি দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং অর্থ স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।

এজাহারে বলা হয়, অসীম কুমার উকিল তার সম্পদ বিবরণীতে ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য দেন। তবে যাচাইয়ে তার নামে ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অন্যদিকে, তার গ্রহণযোগ্য আয় ছিল ৭ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৯৯২ টাকা। মোট ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বৈধ উৎস দাঁড়ায় ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা। এর বাইরে তার নামে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া স্বামী অসীম কুমার উকিলের সঙ্গে যোগসাজশে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

দুদকের এজাহারে বলা হয়, অপু উকিলের নামে মোট ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৯৬ টাকার সম্পদ পাওয়া গেছে। তার গ্রহণযোগ্য আয় ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা। তবে মোট ব্যয় ছিল ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা।

এজাহার অনুযায়ী, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষের মধ্যে চার দফায় স্বামী অসীম কুমার উকিলকে মোট ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা দেন অপু উকিল। দুদকের অভিযোগ, অর্থের অবৈধ উৎস ও প্রকৃত মালিকানা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ স্থানান্তর করা হয়। অসীম কুমার উকিলও তার আয়কর নথিতে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেছেন।

অসীম কুমার উকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।