<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক


বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস


বড় পর্দায় কিংবদন্তিদের জীবনকাহিনি তুলে ধরার ধারাবাহিকতায় এবার যুক্ত হতে পারে ঢাকাই সিনেমার বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেত্রী ববিতার নাম। নিজের বায়োপিক নির্মাণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এমনকি চিত্রনাট্য ও গল্প মনের মতো হলে নিজের চরিত্রে নিজেই অভিনয় করার ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেত্রী। তবে সেক্ষেত্রে নির্মাতাদের সামনে স্পষ্ট দুটি শর্ত রেখেছেন তিনি।

বর্তমানে ছেলের সঙ্গে কানাডায় অবস্থান করছেন ববিতা। সেখান থেকেই বায়োপিক প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। ববিতার মতে, কাজটি হতে হবে পূর্ণাঙ্গ ও মানসম্মত। তাই তার প্রথম শর্ত হলো—জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিখুঁত ও বিশ্বাসযোগ্যভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো—একটি ভালো মানের বায়োপিক নির্মাণের জন্য নির্মাতাদের পর্যাপ্ত বাজেট ও বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

নিজের চাওয়া নিয়ে ববিতা বলেন, ‘বিদেশে নির্মিত অনেক শিল্পীর বায়োপিক আমি দেখেছি, যেখানে তাদের জীবনের নানা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাকে নিয়ে বায়োপিক নির্মাণ করতে চাইলে জন্ম, পড়াশোনা, বাবা-মা ও পরিবার, চলচ্চিত্রে আগমন এবং ববিতা হয়ে ওঠার সংগ্রামের গল্প থাকতে হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আমার অর্জন, অভিনয় জীবনের প্রাপ্তি এবং সিনেমাকে ঘিরে আনন্দ-বেদনা ও সুখ-দুঃখ—সব মিলিয়ে পুরো আমাকেই সেখানে খুঁজে পেতে হবে।’

গল্প পছন্দ হলে অভিনয়ের বিষয়েও যে তিনি প্রস্তুত, তা জানিয়ে ববিতা বলেন, ‘কেউ যদি সঠিকভাবে গল্পটি সাজাতে পারেন এবং তা আমার মনে ধরে, তাহলে নিজের বায়োপিকে অভিনয় করার বিষয়টি ভাবা যেতে পারে।’

অতীতে একাধিক সিনেমা প্রযোজনা করার অভিজ্ঞতা রয়েছে ববিতার। গল্পের মান ও নিজের রুচির প্রশ্নে তিনি বরাবরই আপসহীন; বায়োপিকের ক্ষেত্রেও সেই অবস্থানেই অটল রয়েছেন এই তারকা।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখা ববিতা পরবর্তীতে নায়িকা ও চরিত্রাভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। জহির রায়হানের ‘সংসার’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়ার পর ‘অশনি সংকেত’, ‘নয়নমণি’, ‘বসুন্ধরা’, ‘ডুমুরের ফুল’ এবং ‘রামের সুমতি’র মতো কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। রোমান্টিক থেকে শুরু করে সামাজিক, পারিবারিক কিংবা ট্র্যাজেডি—সব ঘরানার চরিত্রেই সমান দক্ষতা দেখিয়েছেন ববিতা। দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের নানা স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি।



শেয়ার করুন