<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:২৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৬
চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে বাস্তবায়নাধীন চিলমারী নদীবন্দর স্থাপন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও নকশা জালিয়াতির চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সরাসরি রাজনৈতিক ছত্রছায়ায় বিআইডব্লিউটিএ’র কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলঘেঁষা ঠিকাদারদের সমন্বয়ে গঠিত একটি প্রভাবশালী সিন্ডিকেট এই প্রকল্পটিকে অর্থ লুটপাটের চারণভূমিতে পরিণত করেছে। শুরুতে প্রকল্পটির মূল অনুমোদিত ডিপিপি (DPP) প্রায় ২৩৫.৫৯ কোটি টাকা থাকলেও পরবর্তীতে সংশোধিত ডিপিপির (RDDPP) মাধ্যমে এর মোট বাজেট বাড়িয়ে প্রায় ৩৩৫.৫৯ কোটি টাকা করা হয়। বাজেটের এই বিপুল অঙ্কের বড় একটি অংশ কোনো প্রকার কাজ না করেই এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে পেমেন্ট বাগিয়ে নিয়ে অসাধু সিন্ডিকেটটি ভাগাভাগি করে নিয়েছে।

প্রকল্প নথিপত্র ও অনুসন্ধানী তথ্যে দেখা যায়, এই মেগা হরিলুটের মূল কারিগর হিসেবে কাজ করেছেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (পিডি) মোঃ আবুল কালাম আজাদ মোল্লা, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশার, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ‘ডিজি বাংলা’ (DG Bangla)-এর স্বত্বাধিকারী আরশাদ পারভেজ, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের আস্থাভাজন ও কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুভাস এবং পিডির কথিত ভাগ্নে ‘দিপু এন্টারপ্রাইজ’ (Dipu Enterprise)-এর স্বত্বাধিকারী সজল চন্দ্র দত্ত। পিডি কালাম আজাদ তাঁর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে সাইট ডেভেলপমেন্টসহ (Site Development) বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের কার্যাদেশ নিয়মবহির্ভূতভাবে কথিত ভাগ্নে সজলের প্রতিষ্ঠানকে প্রদান করেন। সরেজমিন তদন্তে দেখা যায়, সাইট ডেভেলপমেন্টের জন্য নির্দিষ্ট স্থানগুলোতে বিন্দুমাত্র বালু ভরাট না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

কাজের সরকারি চুক্তি বা কাগজপত্রে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ‘KHANDAKER SHAHIN AHMED LTD & SIGN ENGINEERING LTD (KSL-SEL JV)’ নিবন্ধিত থাকলেও বিল উত্তোলনের ক্ষেত্রে নজিরবিহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। কোনো কাজ না করেই সম্পূর্ণ অবৈধভাবে ‘ডিজি বাংলা’ (DG Bangla)-এর এনআরবি ব্যাংক (NRB Bank), মিরপুর শাখার অ্যাকাউন্টে বিলের কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। মেমো নম্বর (MEMO NO: ১৮.১৪.০০০০.২৯৮.১৯.০২১.২৩/২৭৯)-এর অনুকূলে নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা স্বহস্তে ডিজি বাংলার নামে পেমেন্ট সার্টিফিকেট ইস্যু করেন। নথিপত্র অনুযায়ী, ডিজি বাংলার নামে ৪৫০ মিলিমিটার ইনার ডায়ামিটারের স্টিল ক্যাসিং পাইলিংয়ের যে দুটি খাতের ভুয়া কাজ দেখানো হয়েছে, সেখান থেকে মোট উত্তোলনকৃত টাকার মধ্যে ডিজি বাংলার আরশাদ পারভেজ ৫৫% হারে ৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৩৫২ টাকা ৯৯ পয়সা এবং পিডি আবুল কালাম আজাদ মোল্লা সহ ক্লায়েন্ট ও কনসালটেন্ট সিন্ডিকেট ৪৫% হারে ২ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৩৭৯ টাকা ৭২ পয়সা ভাগবাটোয়ারা করে নেন। নাম প্রকাশ না করার শর্তে ডিজি বাংলার কর্মকর্তা এই অবৈধ অর্থ লেনদেনের সত্যতা স্বীকার করেছেন। পাশাপাশি, দুর্নীতির সিংহভাগ অর্থ সজল চন্দ্র দত্তের পরিচালিত পুবোলী ব্যাংক পিএলসি, ফরেন এক্সচেঞ্জ শাখার (হিসাব নম্বর: ২৯০৫৯০১০৫২০৭৩, রাউটিং: ১৭৫২৭২৩২১) অ্যাকাউন্টে এবং নগদে লেনদেন হয়েছে।

প্রকল্পের ভৌত অবকাঠামো ও ভবন নির্মাণে সরকার অনুমোদিত মূল নকশা ও ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশন পুরোপুরি বুড়ো আঙুল দেখানো হয়েছে। সরকারি অফিস কার্যাদেশ অনুযায়ী প্রতিটি পাইলিংয়ের জন্য ৫০০ মিলিমিটার ডায়ামিটার (Dia), ৪০.৫০ মিটার দৈর্ঘ্য (Length) এবং ১৬ মিলিমিটারের ১০টি করে রড ব্যবহারের স্পষ্ট নির্দেশনা ছিল। কিন্তু সরেজমিনে ও নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, ঠিকাদারি সিন্ডিকেট সেখানে চরম জালিয়াতি করে মাত্র ৩০০ মিলিমিটার ডায়ামিটার, ২৩ মিটার দৈর্ঘ্য এবং ১০টির বদলে মাত্র ৭টি করে রড ব্যবহার করেছে। রডের এই সাব-কন্ট্রাক্টের কাজটি ‘মায়ের দোয়া কনস্ট্রাকশন’-এর স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিনের অধীনে সম্পন্ন হয়।

তদন্তে আরও উঠে আসে, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ মোল্লা সরকারি নকশা গোপন করে নিজের তৈরি দুটি ভুয়া ড্রয়িং (Type-1 ও Type-2) তৈরি করে সাইটে ঝুলিয়ে দেন এবং সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দেন। ফলে পাইলিং ও অবকাঠামোগত ভিত্তি অত্যন্ত দুর্বল হওয়ায় প্রতিটি নির্মিত ভবনই এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা ও প্রকৌশল বিশেষজ্ঞরা।

শুধু অবকাঠামোগত দুর্নীতিই নয়, স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে চিলমারী নদীবন্দর প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের বিল বণ্টনেও নজিরবিহীন জালিয়াতি ও জবরদখল করা হয়েছে। বিআইডব্লিউটিএ-এর একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে জানান, রাজনৈতিক প্রভাবে তৎকালীন মন্ত্রী ও তাঁর সহযোগীদের ভয়ে দরপত্র বা টেন্ডার প্রক্রিয়ায় বিন্দুমাত্র স্বচ্ছতা রাখা হয়নি এবং তাঁদের বিরুদ্ধে কথা বলার বা বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না।

এ বিষয়ে অভিযোগের মুখে পিডি আবুল কালাম আজাদ মোল্লা মোবাইল ফোনে দাবি করেন, বর্তমান সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রীর ঠিকাদারি লাইসেন্সের কপি দেখিয়ে সেই প্রতিষ্ঠানের নামে কাজ সাব-কন্ট্রাক্টে দেখানো হয়েছিল। তবে রড ও পাইলিংয়ের অনিয়ম এবং ভুয়া বিলের বিষয়ে বিস্তারিত জানতে পরবর্তীতে তাঁর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া মেলেনি।

বিআইডব্লিউটিএ কর্মকর্তা বা প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলীরা যদি এ ধরনের বড় আর্থিক দুর্নীতি ও সরকারি ক্ষমতার অপপ্রয়োগে লিপ্ত হন, তবে বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ / দুদক অধ্যাদেশ ২০২৫ | ক্ষমতার অপব্যবহার, আত্মসাৎ ও জালিয়াতির অপরাধে ফৌজদারি মামলা দায়ের এবং দোষী সাব্যস্ত হলে ৭ থেকে ১২ বছরের কারাদণ্ড ও জরিমানা। |

চিলমারী নদীবন্দর প্রকল্পটিতে সরকারি অর্থের এমন বেপরোয়া অপচয় ও লুটপাট কেবল জাতীয় অর্থনীতির ক্ষতি করেনি, বরং বন্দরটির স্থায়িত্ব ও নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিম্নমানের পাইলিং দিয়ে নির্মিত এসব ঝুঁকিপূর্ণ অবকাঠামো অনতিবিলম্বে বিশেষজ্ঞ প্রকৌশলী দল দ্বারা পুনঃপরীক্ষা করা উচিত। একই সাথে, সাবেক প্রতিমন্ত্রী, পিডি কালাম আজাদ মোল্লা এবং ঠিকাদারি সিন্ডিকেটের অবৈধ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে আত্মসাৎ করা সমুদয় অর্থ উদ্ধার করা প্রয়োজন। অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক মামলা দায়ের করে জড়িতদের আইনের আওতায় না আনলে নৌ-পরিবহন খাতের উন্নয়ন প্রকল্পগুলোতে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়বে।




শেয়ার করুন