<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:১৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


‎ডাস্টবিন নেই ময়লা আছে, দুর্গন্ধে দম বন্ধ নাসিরনগরবাসীর, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৬
‎ডাস্টবিন নেই ময়লা আছে, দুর্গন্ধে দম বন্ধ নাসিরনগরবাসীর, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ


‎নাসিরনগর উপজেলা সদর যেন এখন এক বিশাল ময়লার ভাগাড়। বাজার, সড়ক, স্কুল-কলেজের পাশে, এমনকি শহীদ মিনারের রাস্তায়ও জমে আছে আবর্জনার পাহাড়।

‎

‎নেই কোনো পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নেই নির্ধারিত ডাস্টবিন, নেই ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা। ফলে বাসাবাড়ি, দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠানের সব ময়লা ফেলা হচ্ছে যেখানে সেখানে।

‎

‎সরেজমিনে উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জনবহুল বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। কোথাও বাসাবাড়ির উচ্ছিষ্ট, কোথাও বাজারের পচনশীল বর্জ্য, আবার কোথাও পলিথিন, প্লাস্টিকের স্তূপ।

‎

‎নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এসব আবর্জনা জমে একেকটি স্থান পরিণত হয়েছে অঘোষিত ময়লার ভাগাড়ে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।

‎

‎সবচেয়ে দুর্ভোগপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম —

1. ‎বাজার এলাকার পূর্ব প্রান্তে উপজেলা খাদ্য গুদামের পাশে

2. ‎সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘেঁষে

3. ‎শহীদ মিনার - কলেজ মোড় যাওয়ার রাস্তার পাশে

‎

‎এসব স্থানে প্রতিদিন ফেলা হচ্ছে টনকে টন ময়লা। এ পথ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎

‎স্থানীয়দের ভাষ্য মতে, উপজেলা সদরে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত ডাস্টবিন কিংবা নির্ধারিত বর্জ্য ফেলার স্থান। ফলে অনেকেই বাধ্য হয়ে বাড়ি বা দোকানের আশপাশের খালি জায়গা, সড়কের পাশ কিংবা খালে ময়লা ফেলছেন।

‎

‎তবে নির্দিষ্ট ব্যবস্থা না থাকার পাশাপাশি জনসচেতনতার অভাবকেও এ পরিস্থিতির জন্য দায়ী করছেন সচেতন মহল।

‎

‎বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, “ময়লা যেখানে সেখানে শুধু দু-একজন ফেলে না, এই এলাকার সবাই ফেলে। কারণ এখানে ডাস্টবিন নেই। পুরো এলাকার সবাই নিরুপায় হয়েই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষিত করছেন।”

‎

‎যত্রতত্র জমে থাকা পচনশীল বর্জ্য জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ মশা-মাছির বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য আশপাশের নালা ও জলাশয়ে ছড়িয়ে পড়লে পানিদূষণ এবং বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে।

‎

‎বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎

‎এলাকাবাসীর দাবি, ক্রমবর্ধমান জনসংখ্যা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলা সদরে দ্রুত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে হবে।

‎

‎তাদের দাবিগুলো হলো —

‎* গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন

‎*নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ

‎* নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন

‎* যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি

‎*জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকি

‎

‎একটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবসতিপূর্ণ এলাকা আর কতদিন ময়লার ভাগাড় হয়ে থাকবে? — এমন প্রশ্ন এখন নাসিরনগরবাসীর মুখে মুখে।

‎

‎নাসিরনগর উপজেলা সদরকে ময়লার অভিশাপ থেকে মুক্ত করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।



শেয়ার করুন