‎ডাস্টবিন নেই ময়লা আছে, দুর্গন্ধে দম বন্ধ নাসিরনগরবাসীর, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ


‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, , আপডেট করা হয়েছে : 10-11-2026

‎ডাস্টবিন নেই ময়লা আছে, দুর্গন্ধে দম বন্ধ নাসিরনগরবাসীর, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

‎নাসিরনগর উপজেলা সদর যেন এখন এক বিশাল ময়লার ভাগাড়। বাজার, সড়ক, স্কুল-কলেজের পাশে, এমনকি শহীদ মিনারের রাস্তায়ও জমে আছে আবর্জনার পাহাড়।

‎

‎নেই কোনো পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নেই নির্ধারিত ডাস্টবিন, নেই ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা। ফলে বাসাবাড়ি, দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠানের সব ময়লা ফেলা হচ্ছে যেখানে সেখানে।

‎

‎সরেজমিনে উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জনবহুল বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। কোথাও বাসাবাড়ির উচ্ছিষ্ট, কোথাও বাজারের পচনশীল বর্জ্য, আবার কোথাও পলিথিন, প্লাস্টিকের স্তূপ।

‎

‎নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এসব আবর্জনা জমে একেকটি স্থান পরিণত হয়েছে অঘোষিত ময়লার ভাগাড়ে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।

‎

‎সবচেয়ে দুর্ভোগপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম —

1. ‎বাজার এলাকার পূর্ব প্রান্তে উপজেলা খাদ্য গুদামের পাশে

2. ‎সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘেঁষে

3. ‎শহীদ মিনার - কলেজ মোড় যাওয়ার রাস্তার পাশে

‎

‎এসব স্থানে প্রতিদিন ফেলা হচ্ছে টনকে টন ময়লা। এ পথ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎

‎স্থানীয়দের ভাষ্য মতে, উপজেলা সদরে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত ডাস্টবিন কিংবা নির্ধারিত বর্জ্য ফেলার স্থান। ফলে অনেকেই বাধ্য হয়ে বাড়ি বা দোকানের আশপাশের খালি জায়গা, সড়কের পাশ কিংবা খালে ময়লা ফেলছেন।

‎

‎তবে নির্দিষ্ট ব্যবস্থা না থাকার পাশাপাশি জনসচেতনতার অভাবকেও এ পরিস্থিতির জন্য দায়ী করছেন সচেতন মহল।

‎

‎বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, “ময়লা যেখানে সেখানে শুধু দু-একজন ফেলে না, এই এলাকার সবাই ফেলে। কারণ এখানে ডাস্টবিন নেই। পুরো এলাকার সবাই নিরুপায় হয়েই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষিত করছেন।”

‎

‎যত্রতত্র জমে থাকা পচনশীল বর্জ্য জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ মশা-মাছির বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য আশপাশের নালা ও জলাশয়ে ছড়িয়ে পড়লে পানিদূষণ এবং বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে।

‎

‎বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎

‎এলাকাবাসীর দাবি, ক্রমবর্ধমান জনসংখ্যা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলা সদরে দ্রুত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে হবে।

‎

‎তাদের দাবিগুলো হলো —

‎* গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন

‎*নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ

‎* নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন

‎* যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি

‎*জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকি

‎

‎একটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবসতিপূর্ণ এলাকা আর কতদিন ময়লার ভাগাড় হয়ে থাকবে? — এমন প্রশ্ন এখন নাসিরনগরবাসীর মুখে মুখে।

‎

‎নাসিরনগর উপজেলা সদরকে ময়লার অভিশাপ থেকে মুক্ত করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।