<p><br></p>
খুলনার ডুমুরিয়ায় স্থানীয় বিএনপি নেতার ছেলে ও মৎস্যচাষি তরিকুল ইসলাম শেখকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রিম্পা শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর থেকেই চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচনে তিনমুখী তদন্ত শুরু করেছে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, মাছের খামার সংক্রান্ত বিরোধ, মাদকসংশ্লিষ্টতা এবং এলাকায় প্রভাব বিস্তার—এই তিনটি সম্ভাব্য কারণকে সামনে রেখে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতে এক নারীসহ মোট ছয়জনকে আটক করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে ছেড়ে দেওয়া হলেও সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার থুকড়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে রাতুল গাজী এবং রামকৃষ্ণপুর গ্রামের হাবিবুর রহমান বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস।
নিহত তরিকুলের বাবা ও রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম শেখ জানান, ঘটনার সময় তিনি খুলনায় একটি সরকারি কর্মসূচিতে ছিলেন। পরে তিনি জানতে পারেন, বিলডাকাতিয়ার উত্তর বিলে ৪২ বিঘা জমি ভাড়া নিয়ে মাছ চাষ করা তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগে স্থানীয় একটি চক্র তাঁর ছেলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এক বন্ধুর সঙ্গে দোকানে চা খাওয়ার সময় হেলমেট ও মাস্ক পরিহিত দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে আসে। তাদের একজন তরিকুলের সঙ্গে কথা বলার ভান করে এবং অপরজন পেছন থেকে তাঁর মাথা ও বুকে তিনটি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে গত শুক্রবার রাতে নিহতের জানাজা শেষে অংশ নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশকে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, অপরাধী যেই দলেরই হোক না কেন, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।