<p><br></p>
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মূলত একই অপশক্তি পরাজিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জনতা ও সশস্ত্র বাহিনীর একাত্মতার কারণেই ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন তরান্বিত হয়েছে। তিনি বলেন, ১৯৭৫ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করে যে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় প্রয়োজনে জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যকার দূরত্বের দেয়াল ভেঙে পড়ে। দেশ রক্ষায় এই দুই শক্তি সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিমন্ত্রী সবাইকে ৭ নভেম্বর ও ২৪-এর আন্দোলনের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।