<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:২২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


নোয়াখালীতে পর্নোগ্রাফি মামলার বাদীকে অপহরণের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
নোয়াখালীতে পর্নোগ্রাফি মামলার বাদীকে অপহরণের চেষ্টা


নোয়াখালীতে আলোচিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার বাদীকে অপহরণের চেষ্টা, মারধর, জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি জোরপূর্বক দুটি লিখিত ও একটি ফাঁকা সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে।


গত সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নোয়াখালী পৌরসভা মার্কেটের সামনে একটি ওষুধের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন অর রশিদ।


এ ঘটনায় তিনি জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সুধারাম মডেল থানায় মামলা করেছেন বলে জানান তিনি।


অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. সোহরাব উদ্দিন, কম্পিউটার অপারেটর মোহাম্মদ মঈন উদ্দিন, হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের বিরবিরি গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন, নোয়াখালী সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার মো. আমজাদ হোসেন, হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপার্শ্বান গ্রামের মো. শরিফুল ইসলাম, মোহাম্মদ হাসান উদ্দিন বিপ্লব ও মোহাম্মদ নুরুদ্দিন তানভীরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।


অভিযোগ সূত্রে জানা যায়, মামুন অর রশিদ ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে একটি চক্র তাঁদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দিলে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ২১০/২০২৪।


মামলার আসামিরা আদালতে জামিন চাইলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে তাঁরা প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


মামুন অর রশিদের আরও অভিযোগ, জামিনে মুক্তির পর আসামিরা নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. সোহরাব উদ্দিন ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ মঈন উদ্দিনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তাঁদের প্রভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিবের মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তৈরি করে কোনো ধরনের যথাযথ তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠায়নি বলে দাবি করেন তিনি।


অভিযোগে আরও বলা হয়, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, উচ্চমান সহকারী মো. সোহরাব উদ্দিন ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ মঈন উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ দেন। ওই অভিযোগের সঙ্গে মামুন অর রশিদের সম্পৃক্ততা রয়েছে সন্দেহ করে তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে পর্নোগ্রাফি মামলার আসামিদের সঙ্গে যোগসাজশ করা হয় বলে দাবি তাঁর।


এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর রাতে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়। পরে তাঁকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি গলায় চেপে ধরে প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট জিম্মি করে রাখা হয়। এ সময় জোরপূর্বক দুটি লিখিত ও একটি ফাঁকা সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


ওই কাগজগুলো পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. সোহরাব উদ্দিন ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ মঈন উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো ব্যবহার করে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার চেষ্টা চলছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন মামুন অর রশিদ।


এ ছাড়া ২০২৫ সালের অক্টোবর মাসেও তাঁকে অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ওই ঘটনায় তিনি সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগটি জিআর মামলায় রূপ নেয় বলে দাবি তাঁর।এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় একজন শিক্ষক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



শেয়ার করুন