কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি নিষেধাজ্ঞা বহাল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-11-2026

কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি নিষেধাজ্ঞা বহাল

কানাডার কুইবেক প্রদেশে নির্দিষ্ট কিছু সরকারি পেশায় দৃশ্যমান ধর্মীয় প্রতীক পরার নিষেধাজ্ঞা বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে প্রণীত ‘বিল ২১’-এর মূল বিধানগুলো বৈধ বলে রায় দেওয়ার মধ্য দিয়ে সাত বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটলেও, এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার এবং প্রাদেশিক এখতিয়ার নিয়ে দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারক কুইবেক সরকারের সংবিধানের ৩৩ নম্বর ধারা প্রয়োগের বিশেষ ক্ষমতাকে বৈধতা দিয়েছেন। এই ধারা ব্যবহার করে সরকার নির্দিষ্ট কিছু মৌলিক অধিকার ও স্বাধীনতার বিষয়ে বিশেষ ব্যবস্থা নিতে পারে। ফলে সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ কর্মকর্তা, বিচারক ও সরকারি আইনজীবীদের দায়িত্ব পালনের সময় হিজাব, পাগড়ি, কিপ্পা বা ক্রুশচিহ্নের মতো ধর্মীয় প্রতীক পরার নিষেধাজ্ঞা বহাল থাকছে। তবে ধর্মীয় কারণে মুখ ঢেকে কুইবেকের জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ওপর যে নিষেধাজ্ঞা ছিল, আদালত সেটিকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে অভিমত দিয়েছেন।

২০১৯ সালে তৎকালীন প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগোর সরকার রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতা ও সরকারি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষার যুক্তিতে এই আইন পাস করেছিল। সরকারের মতে, দায়িত্বরত কর্মীদের পোশাকে কোনো বিশেষ ধর্মের পরিচয় ফুটে না ওঠাই নিরপেক্ষতার জন্য জরুরি।

অন্যদিকে, ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস এবং কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশনসহ মানবাধিকার ও ধর্মীয় সংগঠনগুলো শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। সমালোচকদের যুক্তি, ধর্মীয় পোশাক বা প্রতীক কারও পেশাগত যোগ্যতা বা দায়িত্ব পালনের দক্ষতা কমায় না; বরং এর ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও হিজাব পরিহিত মুসলিম নারীসহ অনেকে সরকারি স্কুলে শিক্ষকতা ও অন্যান্য চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

রায়ের পর কুইবেকের বর্তমান প্রিমিয়ার পল সেন্ট-পিয়ের প্লামন্ডন একে প্রদেশের ধর্মনিরপেক্ষতার বিজয় বলে স্বাগত জানিয়েছেন। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথও সংবিধানের ৩৩ নম্বর ধারাকে সাংবিধানিক ব্যবস্থার বৈধ অংশ হিসেবে উল্লেখ করে রায়কে সমর্থন করেছেন। বিপরীতে, ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বলেছেন, এটি নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আদালতের স্বাধীনতা ও রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নাগরিক অধিকার ও স্বাধীনতার সনদের পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই রায় কেবল কুইবেকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে কানাডার অন্য কোনো প্রদেশ সংবিধানের ৩৩ নম্বর ধারা ব্যবহার করে বিতর্কিত আইন কার্যকর করতে চাইলে এটি একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। আইনি লড়াইয়ে ধাক্কা খেলেও বিরোধীরা জানিয়েছেন, জনমত গঠন, রাজনৈতিক উদ্যোগ ও অধিকারভিত্তিক আন্দোলনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা বাতিলের চেষ্টা তাঁরা চালিয়ে যাবেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।