রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-11-2026

রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক

রাজধানীতে নাশকতা ও সহিংসতার ছক কষার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) ভোররাতে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা; তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। আটক অপর দুজনের একজন সায়লা ফারজানার ভাই রেজাউল আলম শাহীন এবং অন্যজন তার আরেক শ্যালক।

সায়লা ফারজানার স্বামী মনিরুল ইসলাম পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এবং এসবি প্রধান ছিলেন, যাকে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন বলে জানা যায়। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত ও মামলা পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকা ৮৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।