মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2026

মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের হাত ধরে দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের লক্ষ্য হলো মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নিয়ে আসা।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘স্টেট অব দ্য ইকোনমি : হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মূল্যস্ফীতির গতিপ্রকৃতি ও চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা কমে গত অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে। এর আগে আগের শাসনামলে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশে পৌঁছেছিল। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে বলে তিনি উল্লেখ করেন।

মূল্যস্ফীতিকে অর্থনৈতিক নীতিনির্ধারণের মূল কেন্দ্রবিন্দু উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি অভ্যন্তরীণ ও আমদানিজনিত—এই দুই ভাগে বিভক্ত। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে সার ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তবে দেশের ভেতরের মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের শুল্ক-কর কমানো হয়েছে।

সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগ নিম্ন আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির প্রভাব লাঘবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার কথা জানান অর্থমন্ত্রী। তিনি জানান, ফ্যামিলি কার্ডের আওতায় বর্তমানে ৫০ লাখ পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাচ্ছে; ধাপে ধাপে এই কর্মসূচিতে ২ কোটি পরিবারকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি কৃষকদের সার ও বীজ সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি নতুন হাসপাতাল অনুমোদনের তথ্যও তুলে ধরেন তিনি। এ ছাড়া সর্বজনীন ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার এবং ওষুধশিল্পের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান।

ঋণ পরিশোধ ও স্বচ্ছতা ঋণ ব্যবস্থাপনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের চাপ ও ব্যয় বাড়লেও বাংলাদেশ নিয়মিত কিস্তি পরিশোধ করছে এবং কোনো ঋণে খেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে একটি স্বতন্ত্র ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠনের কাজ চলছে, যার ফলে সাধারণ মানুষ দেশের প্রকৃত ঋণচিত্র ও মাথাপিছু ঋণের তথ্য জানতে পারবেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।