পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীলতাকে সম্পৃক্ত করে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফলে কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর প্রবণতা দূর করে প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজের অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষাব্যবস্থায় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং নানা ধরনের কালচারাল প্রোগ্রামকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা যুক্ত করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে খেলাধুলার বই তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। তাঁর মতে, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে আটকে না রেখে সঠিক ইতিহাস, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা জরুরি।
মূল্যায়ন পদ্ধতি প্রসঙ্গে আমিনুল হক উল্লেখ করেন, অতীতে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়নের চেয়ে পাসের হার বাড়ানোর দিকে ঝোঁক ছিল; তবে বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকেই সামনে আনতে চায়।
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নানা সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকি থেকে নতুন প্রজন্মকে আগলে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সঠিক ইতিহাস ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে একটি সমৃদ্ধ, উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বার রহমান প্রিন্স, মির
অনুষ্ঠানে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় কলেজের উপদেষ্টা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।