শিক্ষকদের যৌক্তিক দাবি-দাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে দাবি আদায়ের জন্য শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তায় না নামার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ ও বদলি সংক্রান্ত জটিলতা নিরসনেরও প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগেই স্পষ্ট করেছেন যে যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে নামার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব অনুযায়ী মন্ত্রণালয় শিক্ষকদের ন্যায্য দাবিগুলো তার কাছে উপস্থাপন করবে। এনটিআরসির নিয়োগ ও বদলির সমস্যাগুলো সরকারই সমাধান করবে এবং এ নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। তাই শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষকদের পাঠদান অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
বিগত সরকারের সমালোচনা করে এহছানুল হক মিলন উল্লেখ করেন, গত ১৭ বছরে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য চলেছে এবং পরিকল্পনাহীনভাবে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনার্স কোর্স চালু করায় শিক্ষার মান মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী না থাকায় সুষম উন্নয়ন ব্যাহত হয়েছে।
বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, এখন কেবল অবকাঠামো নির্মাণের চেয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও কর্মমুখী শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে দেশের সম্প্রসারিত বিমানবহর এবং বিশ্ববাজারে এভিয়েশন খাতের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।